চেক বাউন্স মামলায় কিছুদিন আগেই তিহার জেলে আত্মসমর্পণ করেন বলিউডের কৌতুক অভিনেতা রাজপাল যাদব। এর আগে ৯ কোটি রুপি চেক বাউন্স-সংক্রান্ত মামলায় তার অর্থ পরিশোধের সময় বাড়ানোর আবেদন খারিজ করেন দিল্লি হাইকোর্ট।
প্রায় ১৫ বছর আগে নেওয়া একটি ঋণকে ঘিরে তৈরি হওয়া আইনি জটিলতা শেষ পর্যন্ত গড়ায় তিহার জেলে আত্মসমর্পণ পর্যন্ত। এবার অভিনেতার পাশে দাঁড়িয়েছেন বলিউডের বড় বড় তারকা।
সালমান খান, অজয় দেবগন থেকে বরুণরা তার পাশে থাকার কথা দিয়েছেন। অভিনেতার ম্যানেজার গোল্ডি জানান, অনেকেই রাজপালকে সাহায্য করতে এগিয়ে এসেছেন। সোনু সুদ, সালমান খান, অজয় দেবগণসহ অনেকেই তার পাশে আছেন। আমি সম্প্রতি ডেভিড ধাওয়ানের সঙ্গে ফোনে কথা বলেছি, তিনিও সাহায্যের প্রস্তাব দিয়েছেন। রতন নাইন, বরুণ ধাওয়ানসহ অনেকেই এগিয়ে এসেছেন, তাদের কাছে রাজপাল কৃতজ্ঞ।
২০১০ সালে নিজের পরিচালিত ছবি ‘আতা পাতা লাপাতা’-র জন্য দিল্লির এক সংস্থার কাছ থেকে ৫ কোটি টাকা ঋণ নিয়েছিলেন রাজপাল। ২০১২ সালে ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়লে ঋণের জালে জড়িয়ে পড়েন তিনি।
সোনু কেবল আহ্বানই জানাননি, নিজের আগামী ছবিতে রাজপালকে অভিনয়ের সুযোগ দিয়ে অগ্রিম পারিশ্রমিক পাঠানোর প্রস্তাবও দিয়েছেন। এরপরই যেন বলিউডের বরফ গলতে শুরু করে।
এদিকে রাজপালের এমন দুঃসময়ে মিডিয়ার সামনে মুখ খুলেছেন তার স্ত্রী রাধা যাদব। রাধা জানান, রাজপাল বিপদে পড়লেও বলিউড ইন্ডাস্ট্রি তাদের একা ছেড়ে দেয়নি। অনেক বড় বড় তারকা পাশে দাঁড়িয়েছেন।
তিনি বলেন, ‘সবাই তার পাশে এসে দাঁড়িয়েছেন। ইন্ডাস্ট্রি থেকে আমরা অভাবনীয় সাহায্য ও সমর্থন পাচ্ছি। যারা এই দুঃসময়ে আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের সবার প্রতি আমি ও আমার পরিবার গভীরভাবে কৃতজ্ঞ।’- বলিউড হাঙ্গামা








