মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে র্যাব ২১ ফেব্রুয়ারির নিরাপত্তা জোরদার করেছে।
কেন্দ্রীয় শহীদ মিনারে র্যাবের ৬৪টি সিসি ক্যামেরা থাকবে। পাশাপাশি যেকোন উদ্ভুত পরিস্থিতি মোকাবেলার জন্য র্যাবের স্পেশাল ফোর্স সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে।
আজ শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান।
তিনি বলেন, আজ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত যে কোন ধরণের বিশৃঙ্খলা ও অনাকাঙ্খিত পরিস্থিতি রোধকল্পে ঢাকাসহ সারাদেশে পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। অগ্রীম পদক্ষেপ হিসেবে র্যাবের সাদা পোশাকধারী গোয়েন্দা নজরদারী বৃদ্ধির মাধ্যমে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
র্যাব ডিজি বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারের জন্য ঢাকাস্থ ব্যাটায়িলয়নের সার্বিক ব্যবস্থাপনায় উল্লেখিত এলাকার অবজারভেশন পোস্ট, ওয়াচ টাওয়ার এবং চেকপোস্ট স্থাপনের মাধ্যমে র্যাব অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে।
এছাড়াও ঢাকা মহানগরীসহ অন্যান্য মেট্রোপলিটন এলাকা, বিভাগীয় শহর, জেলা ও উপজেলাসহ দেশের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে অমর একুশে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে গোয়েন্দা নজরদারিসহ সকল প্রকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শহীদ মিনারের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে জানিয়ে র্যাব মহাপচিালক বলেন, বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রয়োজনীয় সুইপিং সম্পন্ন করবে। পাশাপাশি যেকোন উদ্ভুত পরিস্থিতি মোকাবেলার জন্য র্যাবের স্পেশাল ফোর্স সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। নিষিদ্ধ ঘোষিত দল/সংগঠনের সদস্যগণ যাতে শহীদ মিনার অঙ্গনে প্রবেশ করে কোনরূপ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে র্যাব তৎপর রয়েছে।
কেন্দ্রীয় শহীদ মিনার সহ বিভিন্ন মেট্রোপলিটন এলাকা, বিভাগীয় শহর, জেলা ও উপজেলা পর্যায়ের সকল শহীদ মিনার এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ভেতর-বাহিরে ও শহীদ মিনার সংলগ্ন এলাকাকে ভিডিও সার্ভিলেন্সের আওতায় আনতে ৬৪টি সিসিটিভি/আইপি ক্যামেরা এবং মনিটরিং কেন্দ্র স্থাপন করা হয়েছে।








