মঙ্গল শোভাযাত্রা বন্ধে উড়ো চিঠিটি আসলে কোনো জঙ্গি সংগঠনের হুমকি নয়। বরং আতঙ্ক ছড়াতে তৃতীয় কোন ব্যক্তি এটা করেছেন বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন।
বৃহস্পতিবার ১৩ এপ্রিল সকালে রাজধানীর রমনার বটমূলে পয়লা বৈশাখ উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি বলেন, পয়লা বৈশাখ উপলক্ষ্যে সুনির্দিষ্ট জঙ্গি হামলার কোনো তথ্য নেই। মঙ্গল শোভাযাত্রা বন্ধে উড়ো চিঠিটি আসলে কোনো জঙ্গি সংগঠনের হুমকি নয়, বরং আতঙ্ক ছড়াতে তৃতীয় কোনো ব্যক্তি এটা করেছেন।
নববর্ষের উদযাপন বন্ধে হুমকির চিঠির বিষয়ে র্যাব ডিজি বলেন, চিরকুটটি আমি দেখেছি ও পড়েছি। এটা মানুষের মনে আতঙ্ক তৈরি করার জন্য তৃতীয় কোনো পক্ষ এই কাজ করেছে। এটা আসলে কোনো জঙ্গির হুমকির ঘটনা না। তারপরেও আমরা সতর্ক রয়েছি। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।
এই চিঠির রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই বলেও তিনি জানান।







