সৌদি আরবের কাছে ২-১ গোলের অপ্রত্যাশিত হারে বিশ্বকাপে কোণঠাসা অবস্থায় আছে আর্জেন্টিনা। অথচ টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকা দলটি ফেভারিট হিসেবেই কাতারে পা রেখেছিল। শনিবার রাতে মেক্সিকোর বিপক্ষে ম্যাচটা আলবিসেলেস্তেদের জন্য বাঁচা-মরার লড়াই। হারলেই মেসি-ডি মারিয়াদের বিশ্বকাপ মিশন শেষ হয়ে যাবে।
এমন মহারণে কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার স্মৃতি হৃদয়ে ধারণ করে মেক্সিকোর বিপক্ষে অনুপ্রেরণা খুঁজতে মরিয়া আর্জেন্টিনা। ১৯৮৬ বিশ্বকাপজয়ী মহানায়কের প্রয়াণ দিবসে এমন বলেছেন আকাশী-নীলদের ফরোয়ার্ড লৌতারো মার্টিনেজ।
শুক্রবার ছিল ম্যারাডোনার দ্বিতীয় প্রয়াণ দিবস। কিংবদন্তির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তার থেকে অনুপ্রাণিত হয়েই আর্জেন্টিনা জয়ের ধারায় ফিরবে, এমন আশা মার্টিনেজের।
‘আমরা তাকে মনে রাখি। কেবল আমাদের আর্জেন্টিনার জন্য নয়, তিনি বিশ্ব ফুটবলে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। আজ সবার জন্য একটি দুঃখের দিন এবং আশা করি আগামীকাল আমরা সবাইকে আনন্দ দিতে পারবো।’
এপর্যন্ত মেক্সিকোর বিপক্ষে ৩৫ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। যার ১৬ ম্যাচে জয়ের মালা গলায় পরেছে, ১৪ ম্যাচ হয়েছে ড্র, মেক্সিকো জিতেছে কেবল ৫ ম্যাচে।
দল দুটি বিশ্বকাপে মুখোমুখি হয়েছে ৩ বার। যার সবকটি ম্যাচেই জয়ের রেকর্ড রয়েছে আলবিসেলেস্তেদের। অতীত পরিসংখ্যান তাই লিওনেল স্কালোনির দলের পক্ষেই কথা বলছে। ৩৬ বছর আগে মেক্সিকোর মাঠেই শেষবার বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরেছিলেন ম্যারাডোনা। অনুপ্রেরণা তার কাছ থেকে মেসি-মার্টিনেজরা খুঁজবেন এটাই স্বাভাবিক।
অবশ্য আর্জেন্টাইনরা ভালো করেই জানেন কাজটা সহজ হবে না। মার্টিনেজের ভাষ্য হচ্ছে, ‘আমরা একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী দল। আমরা কী চাই তা জানি। আমাদের প্রতিপক্ষ সম্পর্কে জানি। ইতোমধ্যে আমরা সমস্যার অনেককিছু কাটিয়ে উঠেছি।’








