রাশিয়া বিশ্বকাপের ফাইনালিস্ট ক্রোয়েশিয়া কাতারেও ছড়িয়েছে প্রতাপ। গ্রুপ ‘এফ’ থেকে রানার্সআপ হলেও অপরাজিত থেকে শেষ ষোলোতে এসে লুকা মদ্রিচের দল জাপানকে হারায়। সবশেষ হেক্সা শিরোপা জয়ের মিশনে থাকা ব্রাজিলকে কাঁদিয়ে তারা কেটেছে সেমিফাইনালের টিকিট। মেসিদের হারাতে পারলে গত আসরের শিরোপা আক্ষেপ ঘোচানোর আরেকটি সুযোগ পাবে ক্রোয়েশিয়া।
৩৬ বছর ধরে শিরোপাখরায় ভোগা আর্জেন্টিনাও এবার লিওনেল মেসির হাতে ট্রফি দেখার অপেক্ষায় আছে। কাজটি যে সহজ হবে না, সেটি আর্জেন্টাইন মহাতারকাও জানেন। প্রতিপক্ষ দলের প্রতি এলএম টেনের রয়েছে অগাধ সমীহ।
শেষ আটের লড়াইয়ে টাইব্রেকারে ব্রাজিলকে কাঁদিয়ে সেমিতে ওঠা ক্রোয়েশিয়ার মিডফিল্ড নিয়ে মেসির কণ্ঠে ঝরেছে প্রশংসা। এটি যে দলটির বড় শক্তির জায়গা সেটিও স্বীকার করে নিয়েছেন তিনি।
‘তারা দুর্দান্ত এক দল। ব্রাজিলের সঙ্গে তারা ভালো ফুটবল খেলেছে। পুরো মিডফিল্ডজুড়ে তাদের ভালো খেলোয়াড় রয়েছে। গত বিশ্বকাপ থেকে একই কোচের সঙ্গে ওরা কাজ করছে। সবাই একে অপরকে খুব ভালো করে জানে।’
এদিকে ক্রোয়েট লেফটব্যাক জোসিফ জুরানোভিচ নিজ দলের রক্ষণ নিয়ে মজার এক মন্তব্যই করেছেন।
‘আমি মনে করি মাতেও (কোভাচিচ), লুকা (মদ্রিচ) এবং মার্সেলো (ব্রোজোভিচ) ইতিহাসের সেরা মিডফিল্ডার জুটি। আপনি যখন তাদের বল পাস করেন, তখন আপনার টাকা ব্যাংকে রাখার চেয়েও এটি নিরাপদ। তাদের দলে পেয়ে আমরা ভাগ্যবান।’








