মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে পাকিস্তানি নাগরিকদের জন্য ‘অন অ্যারাইভাল ভিসা’ সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে কাতার। মঙ্গলবার ৩১ মার্চ দোহায় অবস্থিত পাকিস্তান দূতাবাসের জারি করা এক পরামর্শে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদমাধ্যম খিলজি টাইমস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, পূর্বনির্ধারিত ভিসা ছাড়া কাতারে পৌঁছালে পাকিস্তানি নাগরিকদের প্রবেশে বিধিনিষেধের মুখে পড়তে হবে এবং ইমিগ্রেশন কাউন্টারে ভোগান্তির আশঙ্কা রয়েছে।
পরামর্শে আরও বলা হয়, বর্তমান পরিস্থিতির কারণে কাতারে ভিসা অন অ্যারাইভাল সুবিধা আপাতত চালু নেই। তাই কাতারে ভ্রমণ করতে ইচ্ছুক পাকিস্তানি নাগরিকদের ভ্রমণের আগে যথাযথ ভিসা সংগ্রহ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
দূতাবাস কর্মকর্তারা জোর দিয়ে জানিয়েছেন, কাতারে যাওয়ার আগে ভিসা সংগ্রহ করা এখন বাধ্যতামূলক। নতুন ভ্রমণ পরামর্শেও ‘বর্তমান পরিস্থিতি’কে এই সাময়িক স্থগিতের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এছাড়া, কাতারগামী পাকিস্তানি যাত্রীদের ভ্রমণের আগে সর্বশেষ তথ্য জানতে সরকারি চ্যানেল অনুসরণ করতে এবং প্রয়োজন হলে সংশ্লিষ্ট কাতারি কর্তৃপক্ষ বা ভিসা সেন্টারের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
দোহায় পাকিস্তান দূতাবাস জানিয়েছে, কাতারে ভ্রমণকারী পাকিস্তানি নাগরিকদের সহায়তায় তারা প্রতিশ্রুতিবদ্ধ। তবে দেশটিতে যাওয়ার আগে প্রয়োজনীয় সব তথ্য যাচাই করে নেওয়ার আহ্বান জানানো হয়েছে।







