মধ্যপ্রাচ্যে চলমান চরম উত্তেজনার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলে আঞ্চলিক উত্তেজনার ভয়াবহ প্রতিক্রিয়া সম্পর্কে সতর্ক করলেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
শনিবার (৭ মার্চ) রাতে কাতার নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, কাতার এবং এই অঞ্চলের অন্যান্য রাষ্ট্রকে লক্ষ্য করে ইরানের অব্যাহত হামলার মধ্যে ফোনালাপে এই দুই নেতা আঞ্চলিক উন্নয়ন পর্যালোচনা করেছেন।
এসময় কাতারের আমির জোর দিয়ে বলেছেন, চলমান উত্তেজনা আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তির জন্য বিপজ্জনক পরিণতি বয়ে আনতে পারে। সংকট নিয়ন্ত্রণ এবং সংঘাতের অবসানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার গুরুত্বের উপরও জোর দিয়েছেন তিনি।
তিনি বলেছেন, কাতার জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইন অনুসারে তার সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে।
উভয় পক্ষই আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষার জন্য যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন এবং উত্তেজনা কমাতে এবং এই অঞ্চলে উত্তেজনা রোধে রাজনৈতিক পথকে সমর্থন করার উপরও জোর দিয়েছেন তারা।

