২০২১ সালে বক্স অফিসে ঝড় তুলেছিল আল্লু অর্জুনের ‘পুষ্পা: দ্য রাইজ’ ছবিটি। যার পর থেকেই এর দ্বিতীয় কিস্তির জন্য দিন গুনছে আল্লু অর্জুন ভক্তরা। আগামী ডিসেম্বরে বিশ্বজুড়ে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি। তবে মুক্তির আগেই এই ছবি থেকে নির্মাতারা ১ হাজার কোটি টাকা আয় করেছেন বলে গুঞ্জন চাউর হয়েছে!
জানা গেছে, ছবি মুক্তির আগেই ছবির বিভিন্ন স্বত্ব বিক্রি করে বিনিয়োগ করা টাকা ঘরে তুলতে সক্ষম হয়েছেন নির্মাতারা। ফলে এই ছবি যে মুক্তির আগেই ‘ব্লকবাস্টার’ তা বলাই যায়!
সূত্রের খবর, ৫০০ কোটি টাকা বাজেটে তৈরি হয়েছে ‘পুষ্পা ২’। কিন্তু এখন পর্যন্ত এই ছবি প্রযোজনা সংস্থার ঘরে তার দ্বিগুণ টাকা ফিরিয়ে দিয়েছে।
একটি সমীক্ষায় দাবি করা হয়েছে, প্রেক্ষাগৃহে বিভিন্ন ভাষায় ‘পুষ্পা ২’ প্রদর্শনের স্বত্ব নির্মাতারা ৬৬০ কোটি টাকায় বিক্রি করেছেন। এর মধ্যে তেলুগু ভাষার স্বত্ব বিক্রি করা হয়েছে ২২০ কোটি টাকায়। ছবির হিন্দি সংস্করণের স্বত্ব বিক্রি করা হয়েছে ২০০ কোটি টাকায়।
অন্যদিকে তামিল ভাষার জন্য নির্মাতারা নিয়েছেন ৫০ কোটি টাকা। আন্তর্জাতিক পরিবেশনার স্বত্ব বিক্রি করা হয়েছে ১৪০ কোটি টাকায়।এখানেই শেষ নয়। শোনা যাচ্ছে, এই ছবির ওটিটি, স্যাটেলাইট এবং সঙ্গীতের স্বত্ব বিক্রি হয়েছে মোট ৪২৫ কোটি টাকায়।
এর ভেতর ওটিটি মাধ্যম ছবিটি ২৭৫ কোটি টাকায় কিনেছে। এছাড়াও ছবির সংগীত এবং স্যাটেলাইট স্বত্ব বিক্রি করা হয়েছে যথাক্রমে ৬৫ কোটি টাকায় এবং ৮৫ কোটি টাকায়।
ইদানিং ছবি মুক্তির আগে তার স্বত্ব বিক্রি হয়ে যাওয়া নতুন ঘটনা নয়। তবে দাবি করা হচ্ছে, এখন পর্যন্ত মুক্তির আগে কোন ভারতীয় ছবি ‘পুষ্পা ২’-এর মতো ব্যবসা করতে পারেনি। মুক্তির পর ছবিটি যে দেশের বক্স অফিসে নতুন নজির গড়তে পারে সেই দাবিও করছেন সিনেমা ব্যবসা বিশেষজ্ঞদের একাংশ। শেষ পর্যন্ত ছবির ব্যবসার পরিমাণ কী হয়, সেদিকেই নজর এখন সবার।- ইন্ডিয়া টুডে








