‘পুষ্পা’র পর ‘পুষ্পা টু’ যেন ভারতীয় সিনেমায় ইতিহাস ভাঙার ইতিহাস রচনা করতে এসেছে। অগ্রিম বুকিংয়ের রেকর্ড, সর্বোচ্চ দামে টিকেট বিক্রির রেকর্ড, প্রথম দিনের আয়ের রেকর্ড ভেঙেছে আগেই!
এবার মুক্তির পর ১২ দিনে বিশ্বব্যাপী প্রায় দেড় হাজার কোটি রুপির ব্যবসা করলো এই সিনেমা! জানা গেছে, মুক্তির পর দ্বিতীয় সপ্তাহে পড়লেও এখনো ‘পুষ্পা টু’ নিয়ে উন্মাদনা থামেনি। ভাটা পড়েনি টিকেট বিক্রিতেও। তাই অচিরেই ছবিটি দুই হাজার কোটির ক্লাবে নাম লেখাবে এ ভবিষ্যদ্বাণীও করছেন অনেকে। কিন্তু কেমন হলো বহুল চর্চিত এ সিনেমা?
‘পুষ্পা’র গল্প যেখান থেকে শেষ হয়েছিল, ‘পুষ্পা ২’ শুরু সেখান থেকে। পরিচালক সুকুমার আগের পর্বের সব ধামকা যেন কয়েক গুণ করে ফেরত দিয়েছেন এই সিনেমায়। আকাশ, পাহাড়, সমুদ্র গল্পের প্লটে কোনো জায়গা ছাড় পায়নি। বরং নতুনরূপে তুলে ধরেছেন মাইথোলজি, যেটা হয়ে উঠেছে ‘পুষ্পা টু’ সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্যে। সামনে এনেছেন প্রথার বাইরের এক গ্যাংস্টারকে। নেতিবাচক চরিত্র হয়েও যে আলাদাভাবে চোখে পড়তে বাধ্য।
‘পুষ্পা টু’ সিনেমায় আল্লু অর্জুনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন রাশমিকা মান্দানা। ‘পুষ্পা’ সিনেমায় এসপি ভানুয়ার সিং শেখওয়াত চরিত্রে অভিনয় করেছিলেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ফাহাদ ফাসিল। ন্যাড়া মাথার এই আইপিএস অফিসারের পারফরম্যান্স মুগ্ধ করে দর্শকদের। ‘পুষ্পা টু’ সিনেমায়ও একই চরিত্রে দেখা যায় ফাহাদ ফাসিলকে।
তবে সবকিছুর ছাপিয়ে ‘পুষ্পা’র মতো এ সিনেমাও যেন বারবার বলতে থাকে, ‘ঝুঁকেগা নেহি, শালা’! তাই শেষপর্যন্ত ‘পুষ্পা’ যেমন ঝুঁকে না, তেমনি দর্শকদেরও ঝুঁকতে দেয় না। উপভোগ্য আনন্দে মাতিয়ে রাখে শুরু থেকে শেষ পর্যন্ত।
‘পুষ্পা টু’ সিনেমা প্রথমটির চেয়ে আরো বেশি চমকপ্রদ হবে বলে আগেই আশ্বাস দিয়েছিলেন নির্মাতারা। বাজেটও আনেন পরিবর্তন। প্রথম সিনেমার তুলনায় যা দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল ১৯৩ কোটি রুপি, সেখানে এবার তা বেড়ে ৪০০-৫০০ কোটি রুপি।- বলিউড লাইফ








