বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এডহক ভিত্তিতে নিয়োগ দেওয়া ব্যক্তিদের স্থায়ীকরণ নিয়ে চিকিৎসকদের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার দুপুরে বিএসএমএমইউয়ের বিদায়ী উপাচার্য শরফুদ্দিন আহমেদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে তার কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন আওয়ামী লীগপন্থি স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) সংগঠনের শিক্ষকরা। বিক্ষোভের একপর্যায়ে নেতাকর্মীরা শারফুদ্দিনের ব্যক্তিগত সহকারী ডা. রাসেল আহমেদকে চড়-থাপ্পড় দিয়ে উপাচার্যের কক্ষ থেকে বের করে দেন। একইসময়ে বিএসএমএমইউর সুপার স্পেশালাইজডের অতিরিক্ত পরিচালক ডা. রসুল আমিনকেও মারধর করে বের করে দেওয়ার খবর পাওয়া যায়।
স্বাধীনতা চিকিৎসক পরিষদ নেতাদের অভিযোগ, আগের নিয়োগগুলোতে ব্যাপক দুর্নীতি হয়েছে। উপাচার্যের বিদায়ের মুহূর্তে আরও শতাধিক শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীকে অ্যাডহক ভিত্তিতে নিয়োগের প্রক্রিয়া চলছে। নিয়োগ বাণিজ্যের এই অভিযোগ তুলে মঙ্গলবার থেকে স্বাচিপের নেতারা বিক্ষোভ করছেন।








