বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে ট্রাফিক আইন ভেঙে জরিমানার কবলে পড়েছেন রোহিত শর্মা। মুম্বাই-পুনে এক্সপ্রেসওয়েতে গতিসীমা লঙ্ঘন করায় পুনে ট্রাফিক পুলিশ তার নামে তিনবার অনলাইন ট্রাফিক চালান ইস্যু করে।
পুনের স্থানীয় এক গণমাধ্যমে বলা হয়, দলের সঙ্গে যোগ দিতে পুনে যাচ্ছিলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক। ওই সময় তিনি নীল রঙের ল্যাম্বরগিনি ব্র্যান্ডের গাড়িটি চালানোর সময় ঘণ্টা প্রতি ২০০ কিলোমিটার গতির উপরে ছুটতে থাকেন। এক পর্যায়ে ঘণ্টা প্রতি ২০০ কিলোমিটার গতিতে গাড়ি ছুটছিল বলে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের পর ৩৬ বর্ষী ক্রিকেটার পরিবারের সঙ্গে কিছু সময় কাটানোর জন্য একটি প্রাইভেট জেটে আহমেদাবাদ থেকে মুম্বাইতে গিয়েছিলেন। টাইগারদের মুখোমুখি হওয়ার আগে পুনেতে যাওয়ার পথে তিনি ট্রাফিক আইন লঙ্ঘন করে বেপরোয়া গতিতে গাড়ি চালান।
ট্রাফিক বিভাগের এক কর্মকর্তা বলেন, ভারতীয় অধিনায়কের বিশ্বকাপের মাঝখানে উচ্চ গতিতে গাড়ি চালানো উচিৎ নয়। তার পুলিশের গাড়ি সঙ্গে নিয়ে টিম বাসে ভ্রমণ করা উচিৎ।
বিশ্বকাপের আগে ড্রাইভিং লাইসেন্স না থাকা এবং লেনের নিয়ম না মেনে গাড়ি চালানোয় পাকিস্তানের অধিনায়ককে জরিমানা করেছিল লাহোরের গুলবার্গ ট্রাফিক পুলিশ। দুটি আইন লঙ্ঘনের জন্য দুই হাজার পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে তাকে, যা বাংলাদেশি মুদ্রায় ৭৬০ টাকা। রোহিতের জরিমানার পরিমাণ অবশ্য জানা যায়নি।







