ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি বাতিল করে রাজধানীর সরকারি সাতটি কলেজ নিয়ে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
সায়েন্সল্যাব মোড় দখলে নিয়ে আজ সোমবার সকাল থেকে এ আন্দোলন চলছে। এতে মিরপুর রোডে যান চলাচল বন্ধ রয়েছে। দাবি আদায়ে সকাল থেকে পৃথক পৃথক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা কলেজের সামনে জড়ো হতে থাকেন। সাত কলেজের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে এ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।
জানা গেছে, সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ের রুপান্তরের দাবিতে ঢাকা কলেজে মূল ফটকে জড়ো হতে শুরু করেছেন শিক্ষার্থীরা। বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা খন্ড খন্ড মিছিল নিয়ে ঢাকা কলেজে আসছেন।
এর আগে রোববার মধ্যরাতে একই দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ঢাকা কলেজ, কবি নজরুল কলেজ ও বাঙলা কলেজের শিক্ষার্থীরা। রাত ১টার দিকে পৃথকভাবে মিছিল করেন তারা।
রাত ১২টার দিকে আবাসিক-অনাবাসিক শিক্ষার্থীদের একটি দল ঢাকা কলেজের নর্থ হল ক্যাম্পাসে অবস্থান নিতে শুরু করেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের সংখ্যাও বাড়তে থাকে। পরবর্তী সময়ে শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাস থেকে মিছিল করতে করতে নীলক্ষেত হয়ে ইডেন কলেজের সামনের রাস্তায় অবস্থান নেন। সেখান থেকে আজিমপুর বাসস্ট্যান্ড হয়ে পলাশী আবাসিক এলাকায় যায় শিক্ষার্থীদের মিছিলটি।








