ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে আজও (২০ মে) বিক্ষোভ করছেন বিএনপির নেতা ইশরাক হোসেনের সমর্থকেরা।
মঙ্গলবার (২০ মে) সকাল থেকে তার সমর্থকেরা সেখানেই অবস্থান নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
গতকাল সোমবার ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ হয়েছে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন শুরু হয়েছে নগর ভবনের সামনে।
মঙ্গলবার সকাল ১০টা থেকে শুরু হয় এই কর্মসূচি। এতে অংশ নেয়া অনেকে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগেরও দাবি জানান।
ইশরাকের সমর্থকরা বলছেন, তাদের দাবি না মানা পর্যন্ত তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। এদিকে, ওই এলাকায় মঞ্চ প্রস্তুত করে কনসার্টেরও আয়োজন করা হয়েছে।


