গত নভেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যান মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এরপর সৌদি ক্লাবগুলোতে যোগ দিতে থাকেন একের পর এক তারকা ফুটবলার। সবশেষ স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগো থেকে আল হিলালে যোগ দিয়েছেন গ্যাবরি ভেইগার। এ সেন্টার মিডফিল্ডারের সৌদি যাত্রার সিদ্ধান্তকে সময়োপযোগী বলছেন রিয়াল মাদ্রিদের সাবেক প্রধান হোর্হে ভালদানো।
দলবদলের মৌসুমে ইউরোপ ছেড়ে করিম বেনজেমা, নেইমার, সাদিও মানে, জর্ডান হেন্ডারসনসহ আরও বেশকিছু তারকা খেলোয়াড় নাম লিখিয়েছেন সৌদি প্রো লিগে। আর্থিকভাবে অনুপ্রাণিত হয়ে মধ্যপ্রাচ্যের দেশটিতে পাড়ি দিচ্ছেন সকলে, এমন মনে করছেন রিয়ালের ৩৩ বর্ষী মিডফিল্ডার টনি ক্রুস।
ভেইগারের প্রসঙ্গ টেনে সাবেক রিয়াল প্রধান ভালদানো বলছেন, ইউরোপের ক্লাব থেকে প্রস্তাব পাওয়া সত্ত্বেও সৌদি আরবকে বেছে নিয়েছেন ভেইগার। যা বর্তমান সময়ে খারাপ সিদ্ধান্ত মনে করেন না তিনি।
৬৭ বর্ষী ভালদানো বলেছেন, ‘ইউরোপের মনে রাখা উচিত, গত ২০ বছর ধরে সৌদি আরবের কাজটিই তারা করে গেছে। তারা অন্য দেশগুলো খালি করে প্রতিভাবান খেলোয়াড় টেনেছে। তাদের জানতে হবে, ইউরোপের একটি বৈধ প্রতিদ্বন্দ্বী তৈরি হচ্ছে।’
‘প্রথমত তাদের খেলোয়াড় কেনার মতো টাকা আছে, দ্বিতীয়ত ফুটবলের প্রতি তাদের ভালোবাসা। সৌদি আরব কাতার নয়, এটি এমন একটি দেশ যারা ফুটবল ভালোবাসে। যদিও তাদের খুব বেশি ঐতিহ্য বা প্রেক্ষাপট নেই।’
বৃহস্পতিবার সৌদি লিগের গ্রীষ্মকালীন দলবদলের দরজা বন্ধ হওয়ার আগে নতুন আরও খেলোয়াড় দেখা যেতে পারে প্রো লিগে। এমনকি লিভাপুলের মিশরীয় তারকা ফরোয়ার্ড মোহাম্মেদ সালাহর ব্যাপারেও আলোচনা চালিয়ে যাচ্ছে সৌদি লিগের ক্লাব।








