এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা হবে বলে মন্তব্য করেছেন কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গুলশানে বিএনপির চেয়ারম্যান কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘যেহেতু তার (শেখ হাসিনা) বিরুদ্ধে তদন্ত চলছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাই ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির ভিত্তিতে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা হবে। এটি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আইনি পথেই সম্পন্ন হবে।’
তিনি বলেন, আওয়ামী লীগকে দেশের জনগণ রিজেক্ট করেছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে এই নির্বাচন একটি মাইলফলক। সারা বিশ্ব এই সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দিকে তাকিয়ে ছিল। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া প্রায় শতভাগ শান্তিপূর্ণ পরিবেশে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। ভোটাররা কেবল ভোট দিয়েই ক্ষান্ত হননি, তারা ভোটকেন্দ্র পাহারা দিয়ে গণতন্ত্র রক্ষা করেছেন।’
তিনি আশা প্রকাশ করেন, স্বাধীনতার পর এই সংসদই হবে সবচেয়ে বেশি আইন প্রণয়নকারী এবং জন-আকাঙ্ক্ষার প্রতিফলক। নতুন সরকারের তিনটি মূল অগ্রাধিকার হবে– আইনের শাসন প্রতিষ্ঠা, অর্থনৈতিক সমৃদ্ধি এবং দুর্নীতি নির্মূল করা।








