পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন তারেক রহমান। এই আয়োজনে ব্যাপক জনসমাগমে মুখর হয়ে ওঠে যমুনা প্রাঙ্গণ।
শনিবার (২১ মার্চ) সকাল ১০টায় শুরু হওয়া অনুষ্ঠানের জন্য সকাল সাড়ে ৮টা থেকেই যমুনার প্রবেশদ্বার খুলে দেওয়া হয়। ভোর থেকেই সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ঢল নামে সেখানে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতি আশপাশের এলাকা, এমনকি ইন্টারকন্টিনেন্টাল হোটেল পর্যন্ত বিস্তৃত হয়।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম ঈদ উদযাপন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকালে জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতে নামাজ আদায় শেষে সরাসরি যমুনায় আসেন প্রধানমন্ত্রী।
প্রথমে বিদেশি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এরপর পর্যায়ক্রমে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আলেম-ওলামা, শিল্পী-সাহিত্যিক এবং সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পুরো অনুষ্ঠানজুড়ে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়।
শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরে যাওয়ার কথা রয়েছে। সেখানে তার বাবা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করবেন। পরে গুলশানের বাসভবনে পারিবারিক সময় কাটাবেন বলে জানা গেছে।








