প্রধানমন্ত্রী তারেক রহমান আজ দিনাজপুর সফরে যাচ্ছেন। সফরকালে তিনি খাল খনন কর্মসূচির উদ্বোধন, জনসভায় বক্তব্য, পারিবারিক কবর জিয়ারত এবং স্থানীয় সুধীজনদের সঙ্গে ইফতার মাহফিলে অংশ নেবেন।
আজ (১৬ মার্চ) সোমবার সকালে প্রধানমন্ত্রী রাজধানী থেকে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সড়কপথে দিনাজপুরের উদ্দেশে রওনা হবেন।
কর্মসূচি অনুযায়ী, সকাল সোয়া ১০টায় তিনি সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছাবেন। পরে বেলা ১১টা ৪৫ মিনিটে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ পুনঃখননের মাধ্যমে ‘খাল খনন কর্মসূচি ২০২৬’-এর উদ্বোধন করবেন। উদ্বোধন শেষে সেখানে আয়োজিত জনসভায় দুপুর সাড়ে ১২টায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর পৌরসভার উপশহরে শেখ ফরিদ মডেল কবরস্থানে গিয়ে তিনি তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন। এরপর বিকেল ৫টায় দিনাজপুর সার্কিট হাউজ চত্বরে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী।








