নাটোরে অসহায় সেলিনা’র পরিবারকে ‘ঈদ উপহার’ পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণমাধ্যমে অসহায় সেলিনার খবর প্রকাশের পরে বিষয়টি প্রধানমন্ত্রী নজরে এলে তিনি সেলিনা’র পরিবারের পাশে দাঁড়াতে নির্দেশ দেন।
শুক্রবার (২০ মার্চ ) সকালে নাটোরের নলডাঙ্গার আঁচড়াখালি সংলগ্ন এলাকায় মহিলা ও শিশু এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নেতৃত্বে অসহায় সেলিনা বেগমের পরিবারের সাথে সাক্ষাৎ করতে যান ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদ উপহার তুলে দেওয়া হয়।
জানা যায়, ‘সিদ্ধ লাউ পাতায় ইফতার, শুধু পানিতে সেহরি’– শীর্ষক একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রচারিত হলে তা বিএনপি’র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমান-এর দৃষ্টিগোচর হয়।
এরপর ‘আমরা বিএনপি পরিবার’-এর আহবায়ক ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে অসহায় পরিবারটির পাশে দাঁড়াতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
এসময় প্রতিনিধি দলটি সেলিনা বেগমের পরিবারের সদস্যদের খোঁজ নেন। প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে ঈদের শুভেচ্ছা উপহার দেন এবং সর্বদা পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সংগঠনটির সদস্য শাকিল আহমেদ, রুবেল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।








