আজ গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ দেশের ২৪টি মন্ত্রণালয়ের ১৫৭টি প্রকল্পের ১০ হাজার ৪১টি অবকাঠামোর ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ (১৪ নভেম্বর) মঙ্গলবার সকালে এই সব প্রকল্প উদ্বোধনকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দীর্ঘ দিন ক্ষমতায় থাকার কারণে দেশে এত উন্নতি হয়েছে। ২০৪১ মধ্যে দেশকে স্মাট বাংলাদেশ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
বারবার জনগণের ভোটেই নির্বাচিত হওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, গণতান্ত্রিক পদ্ধতি ছাড়া আওয়ামী লীগ কোনোদিন সরকার গঠন করেনি। জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আওয়ামী লীগের প্রস্তাবেই সবকিছুর সংস্কার করা হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশকে দেখে এখন আর কেউ বলতে পারবে না এই দেশ দরিদ্র দেশ, প্রাকৃতিক দুর্যোগের দেশ, হাত পেতে চলার দেশ। আমরা এখন একটা মর্যাদাশীল দেশে পরিণত হয়েছি। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
প্রধানমন্ত্রী অনুষ্ঠানে ভার্চুয়ালি এবং সরাসরি উপস্থিত সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে বলেন, চোখে না দেখলেও মনে রাখবেন, বাংলাদেশের জনগণ যে যেখানে থাকেন আপনারা আমার হৃদয়ে আছেন। আমার হৃদয়ে আপনাদেরকে ধারণ করি। আপনাদের কল্যাণে আমি কাজ করতে চাই।








