বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তার মন্ত্রিপরিষদ সদস্যরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেছেন।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জিয়া উদ্যানে প্রধানমন্ত্রী তার মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে কবর জিয়ারত করেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রীসভার অন্যান্য সদস্যবৃন্দরা।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ও পুস্পস্তবক অর্পণ শেষে দেশ জাতির মঙ্গল কামনায় দোয়া করা হয়।
এরপর প্রধানমন্ত্রী সচিবালয়ে যাবেন। সেখানে বিকেলে অনুষ্ঠিত হবে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক। বৈঠক শেষে সচিবদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
এর আগে সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে পুষ্পার্ঘ্য অর্পন করেন। পরে নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে নিয়ে সম্মিলিতভাবে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।


