পবিত্র রমজান মাসের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ক্লাস চলবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, পবিত্র রমজান মাসের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়মিত পাঠদান কার্যক্রম চালু থাকবে। এ সময় সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ক্লাস চলবে। তবে, জোহরের নামাজের জন্য দুপুর সোয়া একটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।
বিবৃতিতে জানানো হয়, এর আগে পবিত্র রমজান মাসে মাদ্রাসার ছুটির তালিকা সংশোধন করা হয়েছে। এতে ১৫ দিন ছুটি কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ মার্চ পর্যন্ত সব মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম চলবে।
এর আগে, চলতি বছরের শুরুতে প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে পবিত্র রমজানে ৩০ দিন ছুটি রেখে বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছিল। গত ৮ ফেব্রুয়ারি ছুটির তালিকায় সংশোধনী এনে মাধ্যমিক বিদ্যালয় পবিত্র রমজানেও ১৫ দিন খোলা রাখার সিদ্ধান্তের কথা জানায় শিক্ষা মন্ত্রণালয়। এরপর একই সিদ্ধান্তে আসে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকেও। তবে প্রাথমিক বিদ্যালয় রোজার প্রথম ১০ দিন খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে কলেজগুলোও ১০ থেকে ২৪ মার্চ পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়।








