পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ ছবিকে কেন্দ্র করে বিতর্কের শেষ নেই। প্রথমে এই ছবি থেকে বাদ পড়েন দীপিকা পাডুকোন। এবার শোনা যাচ্ছে, ছবিতে অভিনয় করবেন না অভিনেতা প্রকাশ রাজ।
ছবির প্রচার-ঝলকে শোনা গিয়েছিল প্রকাশ রাজের কণ্ঠ। শোনা গিয়েছিল, এই ছবিতে খুবই গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছেন তিনি। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরের খবর, শুটিং চলাকালীন সৃজনশীল বোঝাপড়া নিয়ে ছবি সংশ্লিষ্টদের সাথে তর্ক-বিতর্কে জড়ান তিনি। তার পরেই এই বড় সিদ্ধান্ত।
এই মুহূর্তে হায়দরাবাদে শুটিং চলছে ‘স্পিরিট’-এর। সেখানেই পরিচালকের সঙ্গে চিত্রনাট্য নিয়ে নাকি বিপুল ঝামেলা হয় প্রকাশের। তার পরেই নাকি অভিনেতা রাগ করে সেট ছাড়েন। যদিও এই বিষয়ে পরিচালক বা অভিনেতার তরফে এখনও কোন কিছু জানানো হয়নি।
এই ছবি ঘিরে দীর্ঘ দিন বিতর্ক হয়েছে। প্রথমে প্রভাসের বিপরীতে দীপিকা পাডুকোনের অভিনয় করার কথা ছিল। কিন্তু মা হওয়ার পরে দীপিকা আট ঘণ্টার বেশি শুটিং করতে রাজি ছিলেন না। তাই ছবি থেকে তিনি বাদ পড়েন।
তাই দীপিকার এক অনুরাগীর মতে, “ভাগ্যিস, দীপিকা এই ছবিতে অভিনয় করেননি! উগ্র পৌরুষ যে ছবিতে রয়েছে, সেখানে না থাকাই শ্রেয়।”
শোনা যাচ্ছে, ২০২৬ সালে মুক্তি পাবে ছবিটি। ‘স্পিরিট’-এর সঙ্গে জড়িত বিতর্ক এবং শুটিংয়ের নানা কাহিনী সিনেমা জগতের কৌতূহল ক্রমেই বাড়িয়ে দিয়েছে।- হিন্দুস্থান টাইমস








