ভারতের চেন্নাই শহরে অপ্রত্যাশিত দুর্ভোগে পড়েন মেট্রোযাত্রীদের একটি বড় অংশ। হঠাৎ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেলে যাত্রীরা অন্ধকারে আটকা পড়ে যান। পরে নিকটবর্তী স্টেশনে হেঁটে যান যাত্রীরা।
আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, সকালে ব্লু লাইন মেট্রোর একটি ট্রেন কেন্দ্রীয় মেট্রো স্টেশন ও হাইকোর্ট স্টেশনের মাঝামাঝি একটি সুড়ঙ্গে আটকে যায়। ট্রেনটি উইমকো নগর ডিপোর দিকে যাচ্ছিল।
যাত্রীরা জানায়, প্রায় ১০ মিনিট ধরে ভেতরে আটকে থাকার পর মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেকে ঘোষণা আসে নিকটবর্তী হাইকোর্ট স্টেশনে হেঁটে যেতে। ফলে প্রায় ৫০০ মিটার দীর্ঘ সুড়ঙ্গপথ পেরিয়ে যাত্রীদের হাতে হাত ধরে পথ চলতে হয়।
ঘটনাটি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা চলছে, বিশেষ করে নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি ও জরুরি পরিস্থিতিতে যাত্রীদের ব্যবস্থাপনার বিষয়টি নিয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, যাত্রীরা সুড়ঙ্গের দেয়ালের হ্যান্ডরেল ধরে সারিবদ্ধভাবে হাঁটছেন।
চেন্নাই মেট্রো রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ বিভ্রাট বা প্রযুক্তিগত ত্রুটির কারণে এ ঘটনা ঘটতে পারে। তবে দ্রুত সমস্যা সমাধান করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানানো হয়।
এক্স–এ (টুইটার) প্রকাশিত বিবৃতিতে তারা জানায়, ট্রেন চলাচল এখন নিয়মিত রয়েছে। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখপ্রকাশ করেছে মেট্রো কর্তৃপক্ষ।








