জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থান ও জনগণের সঙ্গে প্রতারণা করেছে।
সোমবার (৭ জুলাই) রাত ১১টায় পাবনার শহীদ চত্বরে(পুর্বের ট্রাফিক মোড়) জুলাই পদযাত্রা শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
নাহিদ বলেন, আমরা বলেছিলাম মিডিয়া, পুলিশ, আমলা, সেনাবাহিনী ও সংবিধানের সংস্কার লাগবে। সংস্কারের মাধ্যমেই নতুন বাংলাদেশ গড়বো। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্কুল কলেজের দেয়ালে আমাদের ছাত্ররা যে গ্রাফিতি এঁকেছিল সেই গ্রাফিতির মাধ্যমেই নতুন সংবিধান লেখা হয়ে গেছে। সেসব গ্রাফিতিতেই ৫ আগস্ট পরবর্তী মানুষের আকাঙ্খার কথা লেখা হয়ে গিয়েছিল। কিন্ত রাজনৈতিক দলগুলো অনেক দাবি পূরণ থেকেই সরে এসেছে।
তিনি বলেন, ফ্যাসিস্টদের ও গণহত্যাকারীদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
নাহিদ আরও বলেন, আমরা আগামীর সংবিধান রচনা করবো। সেই সংবিধানের মাধ্যমেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। ৩ আগস্ট নতুন সংবিধান ও বিচার সংস্কারের দাবিতে গণমানুষের মুক্তির ইতিহাস জাতির সামনে প্রস্তাব করবো।








