ইসরায়েল দ্বারা ফিলিস্তিনের হাসপাতালে বোমা হামলায় হতাহত হাজারও অসুস্থ অসহায় মানুষকে চিকিৎসা সেবা ও জরুরি ওষুধ সামগ্রী পাঠাতে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার ১৮ অক্টোবর বিকেলে টেলিফোনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে এই নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। এদিন বিকেলে সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘শেখ রাসেল দিবস’ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা জানান স্বাস্থ্যমন্ত্রী।
ফিলিস্তিনে ওষুধ সামগ্রী পাঠানো প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিলিস্তিনের জনগণের কষ্ট বোঝেন। ইসরায়েলের হামলায় হতাহত নারী-শিশুদের বেদনা অনুভব করছেন তিনি তার নিজের জীবনের হতাহতের ক্ষত থেকে। শিশু রাসেলের হত্যায় কী বেদনা হয়েছে সেটি প্রধানমন্ত্রী বুঝতে পেরেছেন।
এজন্যই বিশ্ব পরাশক্তিদের রক্তচক্ষু উপেক্ষা করেও প্রধানমন্ত্রী ফিলিস্তিনের নিরীহ অসহায় মানুষের জন্য কথা বলছেন, তাদের চিকিৎসা সহায়তায় হাত বাড়িয়ে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন।
স্বাস্থ্যমন্ত্রী সভায় উপস্থিত স্বাস্থ্যসেবা বিভাগের সচিব জাহাঙ্গীর আলমকে প্রধানমন্ত্রীর নির্দেশনাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা অতি দ্রুত প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ফিলিস্তিনের আহত মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসা সেবা দিতে চাই। এক্ষেত্রে দ্রুততম সময়ে ওষুধ সামগ্রী পাঠাতে আমাদের সামর্থ্যের মধ্যে সম্ভব সব চেষ্টাই করতে হবে।’







