মহান স্বাধীনতা ও জাতীয় দিবস (২৬ মার্চ) উপলক্ষে দেশবাসী ও প্রবাসী বাংলাদেশিদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এক বাণীতে তিনি বলেন, ২৬ মার্চ বাংলাদেশের জাতীয় জীবনের এক গৌরবময় ও ঐতিহাসিক দিন। এই দিনে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ।
প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা, নির্যাতিতা মা-বোনসহ স্বাধীনতা সংগ্রামে আত্মনিবেদিত সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান এবং শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
বাণীতে তিনি আরও উল্লেখ করেন, মহান স্বাধীনতা দিবস সাহস, আত্মত্যাগ ও দেশপ্রেমের চেতনাকে নতুন করে উজ্জীবিত করে। স্বাধীনতার মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করা—যা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দেশের অগ্রগতি ও উন্নয়নের ধারাকে আরও বেগবান করতে জাতীয় ঐক্য, পারস্পরিক সহনশীলতা এবং দেশপ্রেমের চেতনাকে ধারণ করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবসের তাৎপর্য থেকে শিক্ষা নিয়ে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দেশের কল্যাণে আত্মনিয়োগ করতে হবে। একটি উন্নত, সমৃদ্ধ ও মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন প্রধানমন্ত্রী।








