স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্টেডিয়ামে দিনব্যাপী ফুটবল ম্যাচের আয়োজন রাখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। যেখানে বিকেলে লাল ও সবুজ দলে ভাগ হয়ে মুখোমুখি হন সাবেক ফুটবলাররা। তাদের ম্যাচ দেখতে কন্যা জাইমা রহমানকে নিয়ে স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
বৃহস্পতিবার মাঠে উপস্থিত হয়ে প্রথমে জাতীয় সংগীত পরিবেশনায় অংশ নেন প্রধানমন্ত্রী। এরপর লাল দল ও পরে সবুজ দলের ফুটবলারদের সঙ্গে ছবি তোলেন। স্টেডিয়ামে স্থাপিত অ্যাথলেটিক ট্র্যাকের ওপর দিয়ে পুরো মাঠ প্রদক্ষিণ করেন তিনি। পরে অবস্থান নেন ডাগআউটে। সেখানে বসেই খেলা উপভোগ করেন।
খেলার বিরতির সময় প্রধানমন্ত্রী চলে যান ভিভিআইপি লাউঞ্জে। সেখানে আসরের সালাত আদায় করেন। এরপর ফিরে এসে ডাগআউটে বসে আবারও খেলা দেখেন।
প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ সরকারের দায়িত্ব নেয়ার পর তারেক রহমান প্রথম ক্রীড়াঙ্গনের কোন অনুষ্ঠানে আসলেন এবং সেটা হঠাৎ করেই।








