মাগুরায় পেট্রোল বোমার অগ্নিকাণ্ডে সরকারি দুটি অফিসের কাগজপত্র ও আসবাব পুড়ে গেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত তিনটার দিকে মাগুরা জেলা সদরের সহকারী কমিশনার ভূমি (এসি ল্যান্ড) ও জেলা সাব-রেজিস্ট্রার অফিসের কার্যালয়ে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
মাগুরা সহকারী কমিশনার (ভূমি) অফিস সূত্রে জানা গেছে, রাতের আঁধারে দুষ্কৃতকারীরা সহকারী ভূমি অফিসের পিছনের জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করেন। এতে ভবনের নিচে থাকা কম্পিউটার, আসবাবপত্রসহ জমি-জমা সংক্রান্ত দলিল ও নথিপত্র পুড়ে যায়।
এদিকে মাগুরা সাব-রেজিস্ট্রার অফিস সূত্রে জানা গেছে, রাতের আঁধারে দুষ্কৃতকারীরা শহরের ইসলামপুর পাড়া সাব-রেজিস্টার অফিসের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করলে রেজিস্ট্রি অফিসের সামনে থাকা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের নিচতলা পুড়ে যায়। এছাড়া দলিল লেখকদের অফিসে জমি জমার দলিল, নথিপত্র এবং দলিল লেখকদের প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।
মাগুরা ফায়ার সার্ভিস অফিসের স্টেশন লিডার আলিম মোল্লা বলেন, মাগুরা সদর সহকারী ভূমি কমিশনারের কার্যালয়সহ সাব-রেজিস্টার কার্যালয়ে রাত তিনটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুষ্কৃতকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদ ও পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য প্রযুক্তির মাধ্যমে অনুসন্ধান চলছে।








