যথাযোগ্য মর্যাদা ও গভীর ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ঢল নামে মানুষের। রাত ১২টা ১ মিনিট থেকে ফুলে ফুলে ভরে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ।
আজ (২১ ফেব্রুয়ারি) শনিবার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনের পর শহীদ মিনার প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। খালি পায়ে, হাতে ফুলের তোড়া নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ শহীদ বেদিতে ভিড় করেন। কেউ এসেছেন একা, কেউ পরিবার-পরিজন ও সন্তানদের নিয়ে নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে।
প্রথম প্রহরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ভাষাশহীদদের স্মরণ করেন তিনি। রাষ্ট্রপতির পর শহীদ মিনারে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে মন্ত্রিপরিষদের সদস্য ও উপদেষ্টাদের সঙ্গে নিয়ে পুনরায় শ্রদ্ধা জানান।
এরপর দলীয় প্রধান হিসেবে নেতাকর্মীদের নিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। পরিবারসহ শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের স্মরণ করেন তিনি।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর ১৯৫২-এর বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন তিন বাহিনীর প্রধানরা। পরে প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর উপাচার্যসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি শহীদ মিনারে একে একে শ্রদ্ধা জানান।
এদিকে প্রথমবারের মতো কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তার সঙ্গে ১১ দলীয় জোটের সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে তিনি আজিমপুরে শহীদদের কবরে দোয়া-মোনাজাতে অংশ নেন।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গ করেছিলেন ভাষাশহীদরা। তাদের আত্মত্যাগের স্মৃতিতে একুশ এখন কেবল শোকের দিন নয়, গৌরব ও আত্মমর্যাদারও প্রতীক। দিনটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ব্যানার নিয়ে শ্রদ্ধা নিবেদন করে। পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও অনেকে ফুল দিয়ে ভাষাশহীদদের স্মরণ করেন; অনেকের হাতে ছিল বাংলা ভাষার মর্যাদা রক্ষার আহ্বানসংবলিত প্ল্যাকার্ড।








