ইরানের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র মজুত দ্রুত কমে যেতে পারে এমন সতর্কবার্তা দিয়েছে পেন্টাগন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পেন্টাগন অবহিত করেছে যে, ইরানের বিরুদ্ধে টানা ১০ দিন হামলা অব্যাহত থাকলে গুরুত্বপূর্ণ কিছু ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের মজুত কমে আসতে পারে। একই সঙ্গে গোলাবারুদ পুনরায় উৎপাদন ও মজুত পূরণে বিপুল ব্যয়ের ঝুঁকির কথাও তুলে ধরা হয়েছে।
এছাড়া জাহাজভিত্তিক স্ট্যান্ডার্ড মিসাইল-৩ ইন্টারসেপ্টর এবং জিপিএসনির্ভর জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিনিশন (জেডিএএম) কিটের মজুত নিয়েও উদ্বেগ রয়েছে। এগুলো প্রচলিত বোমাকে নির্ভুল ‘স্মার্ট’ অস্ত্রে রূপান্তর করে।
ট্রাম্প অবশ্য ট্রুথ সোশ্যালে এক পোস্টে দাবি করেন, যুক্তরাষ্ট্রের মাঝারি ও উচ্চমানের গোলাবারুদের মজুত ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং তা দিয়ে দীর্ঘ সময় যুদ্ধ চালানো সম্ভব।
তিনি আরও ইঙ্গিত দেন, অভিযান চার থেকে পাঁচ সপ্তাহের বেশি সময়ও চলতে পারে।







