ইউক্রেনের জন্য বরাদ্দকৃত সামরিক সহায়তার একটি অংশ মধ্যপ্রাচ্যে সরিয়ে নেওয়ার পরিকল্পনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। ইরানকে ঘিরে সম্ভাব্য সামরিক উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে এমন পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে বলে জানা গেছে।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্রের বরাতে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা বিস্তৃত হওয়ার সম্ভাবনাই এই বিবেচনার মূল কারণ।
এদিকে রাশিয়ার ধারাবাহিক বিমান ও ড্রোন হামলার মুখে ইউক্রেনে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জোগান নিয়ে শঙ্কা বাড়ছে। ২৩ থেকে ২৪ মার্চের মধ্যে রাশিয়া প্রায় এক হাজার ড্রোন হামলা চালিয়েছে, যা চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অন্যতম বড় আক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘প্রায়োরিটাইজড ইউক্রেন রিকয়ারমেন্টস লিস্ট কর্মসূচির আওতায় অর্ডার করা আকাশ প্রতিরক্ষা ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রগুলো সম্ভাব্যভাবে অন্যত্র সরানো হতে পারে। এই কর্মসূচির মাধ্যমে ন্যাটো সদস্য দেশগুলো ইউক্রেনের জন্য মার্কিন অস্ত্র কেনায় অর্থায়ন করে থাকে।
এই বিষয়ে ইউক্রেনের এক কর্মকর্তা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তবে ন্যাটোর মুখপাত্র অ্যালিসন হার্ট ইউরোপিয়ান প্রাভদাকে জানিয়েছেন, পিইউআরএল কর্মসূচির আওতায় অর্থায়ন করা সরঞ্জামের বেশিরভাগই ইতোমধ্যে ইউক্রেনে পৌঁছেছে বা সরবরাহ প্রক্রিয়ায় রয়েছে।
তবে পেন্টাগনের পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।








