বাংলাদেশ ক্রিকেট দলের নতুন ফিল্ডিং কোচ হিসেবে জেমস প্যামেন্টকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৫৬ বর্ষী এই ইংলিশ কোচ আসন্ন জিম্বাবুয়ে সিরিজের আগে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হবেন।
প্যামেন্টের সঙ্গে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত চুক্তি করেছে বিসিবি। তিনি নিক পোথাসের স্থলাভিষিক্ত হচ্ছেন।
বিসিবির পাঠানো বিবৃতিতে প্যামেন্ট উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘বাংলাদেশের মতো ভীষণ প্রতিভাবান একটি দলের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পেয়ে আমি সত্যিই উচ্ছ্বসিত। জিম্বাবুয়ে সিরিজের আগে খেলোয়াড় ও স্টাফদের সঙ্গে যোগ দিতে আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
ইংল্যান্ডে জন্মগ্রহণ করলেও প্যামেন্ট থাকেন নিউজিল্যান্ডে। সেখানেই অকল্যান্ডের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন।
আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন প্যামেন্ট। ২০১৮ সাল থেকেই ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে কাজ করছিলেন তিনি।








