আসছে মৌসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমান। আসরে নিয়মিত মুখ হলেও সবশেষ দুই আসরে দিল্লি ক্যাপিটালসের একাদশে অনিয়মিত ছিলেন বাঁহাতি পেসার। অধারাবাহিক পারফরম্যান্সের জন্যই মূলত অনিয়মিত হয়ে পড়েন। এবার শ্রীলঙ্কান পেসার মাথিশা পাথিরানার সর্বনাশে চেন্নাইতে ‘পৌষ মাস’ হতে চলেছে দ্য ফিজের।
সপ্তাহ দুয়েক আগে বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচে খেলতে চোটে পড়েছিলেন পাথিরানা। ওই ম্যাচে নিজের বোলিং কোটা পূরণ না করেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। এরপর শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানায়, হ্যামস্ট্রিং চোটে পড়েছেন বেবি মালিঙ্গা খ্যাত পেসার। সেরে উঠতে চার থেকে পাঁচ সপ্তাহ সময় লেগে যাবে।
তাতে আগামী শুক্রবার থেকে শুরু হতে চলা আইপিএলে পাথিরানাকে পাচ্ছে না চেন্নাই সুপার কিংস। এদিকে সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষে মোস্তাফিজ যোগ দেবেন চেন্নাইয়ের ক্যাম্পে। পাথিরানা ফিট থাকলে অবশ্য তিনিই থাকতেন একাদশে। যে কারণে শুরুর দিকে একাদশে থাকার সুযোগ মিলতে পারে মোস্তাফিজের। এমনই ইঙ্গিত দিয়েছেন চেন্নাইয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা।
আসরের উদ্বোধনী দিনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে চেন্নাই। কাটার মাস্টারের প্রসঙ্গ টেনে ওই কর্মকর্তা বলেছেন, ‘ফিজ ২০ মার্চ ক্যাম্পে যোগ দেবেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে উদ্বোধনী ম্যাচের আগেই আমরা ওকে পাচ্ছি। সে জানে, তাকে কী করতে হবে। আমরাও দেখব সে কেমন করে।’








