বিএনপিকে ভেঙে ফেলার ষড়যন্ত্রকারীরা পালিয়েছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একাত্তরে ভিন্ন অবস্থানে থাকা দল এমনকি যাদের কালকে জন্ম হয়েছে তারাও বিএনপিকে নিয়ে কথা বলে। কিন্তু এই দল হলো ফিনিক্স পাখির মতো। এ দলকে ভেঙে ফেলার ষড়যন্ত্র হয়েছে কিন্তু সফল হয়নি। বরং ষড়যন্ত্রকারীরাই পালিয়ে গেছে।
শনিবার ২০ সেপ্টেম্বর কিশোরগঞ্জ জেলা বিএনপির সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। এদিন সকাল থেকেই শহরের পুরাতন স্টেডিয়ামে ভিড় জমে হাজারো নেতা-কর্মীর। জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল নিয়ে তারা যোগ দেন সম্মেলনে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জেলা বিএনপির সভাপতি মো. শরিফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন দলের জাতীয় ও স্থানীয় নেতারা। বিশেষ অতিথি ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, প্রধান বক্তা ছিলেন যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বিকেল চারটা থেকে রাত ৮টা পর্যন্ত জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনে ভোট দেবেন দুই হাজার নব্বই জন কাউন্সিলর।
এই কাউন্সিলের মধ্য দিয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির নতুন নেতৃত্ব নির্ধারিত হবে।






