অ্যাকশন অবতার থেকে বেরিয়ে এবার রকস্টার হয়ে দর্শকদের সামনে আসছেন শাকিব খান। আসন্ন ঈদুল আযহার সিনেমা রকস্টারে এই তারকা একজন মিউজিশিয়ানের চরিত্রে অভিনয় করবেন। আর এই সিনেমায় বিশেষ দৃশ্যে অভিনয় করবেন গায়ক পান্থ কানাই।
সিনিয়র রকস্টারের চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে বিষয়টি নিয়ে স্পষ্ট কিছু বলেননি পান্থ কানাই। শুধু বললেন, শাকিবের সঙ্গে এমন এক জায়গায় তাকে দেখা যাবে যা ভীষণ চমকপ্রদ হবে। তিনি বলেন,“ছবিতে আমার কণ্ঠে একটি গানও রয়েছে।”
তবে চরিত্র নিয়ে রহস্য জমিয়ে রাখলেও শাকিবকে নিয়ে কথা বলতে কার্পণ্য করলেন না পান্থ কানাই। তিনি বলেন, বাংলাদেশে একমাত্র কিং খান বলতে আমি শাকিব খানকে বুঝি। কেননা তিনি আড়াই দশক ধরে দেশের চলচ্চিত্রকে টেনে নিচ্ছেন। অগণিত ভক্তশ্রোতা ওনার। এই মানুষকে অবশ্যই সম্মান করা উচিত। আমার মতে উনি (শাকিব খান) বাংলাদেশের অমিতাভ বচ্চন।

শাকিবের সঙ্গে অভিনয়ের ইচ্ছা দীর্ঘদিনের উল্লেখ করে জনপ্রিয় গায়ক পান্থ কানাই বলেন, ‘অনেক দিন ধরে আমার ভেতরে একটা সুপ্ত ইচ্ছা ছিল। সেটি হলো শাকিব খানের সঙ্গে কাজ করার। সেটা এবার হচ্ছে। এটা আমার জন্য খুব ভালো লাগার একটি বিষয়।’
এর আগে ‘দাহকাল’ সিনেমায় অভিনয় করেছেন পান্থ কানাই। একটি অ্যাড এজেন্সির মালিকের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। তার সহশিল্পী ছিলেন তাসনিয়া ফারিণ ও ইয়াশ রোহান।
মালয়েশিয়ায় শুরু হয়েছে ‘রকস্টার’-এর শুটিং। গত ২৮ মার্চ শাকিবের জন্মদিনে সিনেমাটির একটি লুকও প্রকাশ পেয়েছে। সঙ্গে সঙ্গে সেটি ভাইরাল হয়। সিনেমাটিতে শাকিবের নায়িকা থাকছেন সাবিলা নূর, সঙ্গে থাকবেন তানজিয়া মিথিলা। পরিচালনা করছেন আজমান রুশো।








