ভারতের বিমান হামলায় নিহতদের প্রতি ফোটা রক্তের বদলা নেয়া হবে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।
এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, বুধবার (৭ মে) রাতে জাতির উদ্দেশে দেয়া এক টেলিভিশন ভাষণে তিনি বলেন, গতকাল রাতে ভারত আমাদের ওপর হামলা চালিয়ে বড় ভুল করেছে। আগ্রাসনের জন্য তাদের মূল্য দিতে হবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, এই হামলার জন্য ভারতকে ভুগতে হবে। গতরাতে যেসব রক্ত ঝরেছে তার প্রতিটি ফোটার বদলা নেওয়া হবে। ভারত হলো কাপুরুষ শত্রু। যারা নিরস্ত্র বেসামরিকদের ওপর হামলা চালিয়েছে। কিন্তু তারা আবার নিজেদের শক্তিশালী মনে করে। কিন্তু গতকাল আমরা প্রমাণ করেছি পাকিস্তান জানে কীভাবে উপযুক্ত জবাব দিতে হয়।
সীমান্তে ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করায় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশংসা করে তিনি বলেন, তারা তাদের অসাধারণ দক্ষতা ও সাহসিকতা দেখিয়েছে। আমাদের সেনারা প্রমাণ করেছে কীভাবে বিধ্বংসী জবাব দিতে হয়। আমরা তাদের বীরত্বকে স্যালুট জানাই।
এছাড়া ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের হামলার সঙ্গে পাকিস্তানের সংশ্লিষ্টতা থাকার বিষয়টি প্রত্যাখ্যান করেন তিনি। শেহবাজ বলেন, ভারত যাই করুক কাশ্মিরের বাস্তবতাকে পরিবর্তন করতে পারবে না।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হয়। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর কাশ্মীরে এটিই সবচেয়ে বড় হামলা। পাকিস্তান এ হামলায় জড়িত, এমন অভিযোগ তুলে দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি। জবাবে সিমলা চুক্তি স্থগিত ও ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয় পাকিস্তান।








