নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ টি-টুয়েন্টির সিরিজে প্রথম চার ম্যাচে হেরেছে পাকিস্তান। শেষ ম্যাচেও পথেই ছিল নিউজিল্যান্ড। হঠাৎ ব্যাটিং ধসে ৪২ রানে হেরে যায় কিউইবাহিনী। তাতে হোয়াইটওয়াশ এড়িয়ে সান্ত্বনার জয় পেয়েছে পাকিস্তান। সিরিজটির আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন টেস্টের লড়াইয়ে হোয়াইটওয়াশ হয়েছে তারা।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে রোববার টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৩৪ রান তোলে পাকিস্তান। জবাবে কিউইরা অলআউট হয় ৯২ রানে। শেষ ম্যাচে ঘুরে দাঁড়ালেও নিউজিল্যান্ডের বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ হারল সফরকারী দলটি।
ম্যাচে অবশ্য নতুন এক রেকর্ড গড়েছে শাহিন শাহ আফ্রিদির দল। টি-টুয়েন্টিতে নিউজিল্যান্ডের মাটিতে আগে ব্যাটিংয়ে নেমে সবচেয়ে কম রান করে জয় পাওয়ার রেকর্ড গড়েছে। ২০২১ সালে ১৫৬ রান তুলে জয় পেয়েছিল অস্ট্রেলিয়া।
রানতাড়া করতে নেমে নিউজিল্যান্ডের মাত্র চার ব্যাটার দশের ঘর পার করতে সক্ষম হন। গ্লেন ফিলিপস ২৬, ফিন অ্যালেন ২২, টিম সেইফার্ট ১৯ ও উইল ইয়ং ১২ রান করেন।

পাকিস্তানের হয়ে ২৪ রানে ৩ উইকেট নেন ইফতিখার আহমেদ। ২টি করে উইকেট পান শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ নেওয়াজ। একটি করে উইকেট নেন জামান খান ও উসামা মির।
আগে মোহাম্মদ রিজওয়ানের ৩৮, ফখর জামানের ৩৩, শিবজাদা ফারহানের ১৯, আব্বাস আফ্রিদির ১৪ ও বাবর আজমের ১৩ রানে ভর করে ১৩৪ রান করে পাকিস্তান। বাকিদের কেউই পাঁচের বেশি রান করতে পারেননি।
নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট নেন টিম সাউদি, ম্যাট হেনরি, লোকি ফার্গুস ও ইশ সোধি।
পাঁচ ম্যাচে ৫৫ গড়ে ২৭৫ রান করে সিরিজসেরা হয়েছেন নিউজিল্যান্ডের ওপেনার ফিন অ্যালেন। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন ২৪ রানে ৩ উইকেট পাওয়া ইফতিখার।








