তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী ৯ মার্চ ঢাকায় আসবে পাকিস্তান ক্রিকেট দল। বছরের প্রথম সিরিজ খেলার প্রস্তুতি বেশ আগেভাগেই শুরু করছে টিম টাইগার্স। এমনকি ‘এ’ দলের বিপক্ষেও প্রস্তুতি ম্যাচ খেলছে লাল-সবুজের দল।
সিরিজের সূচি অনুযায়ী আগামী ১১ মার্চ প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ ও পাকিস্তান। ১৩ তারিখ দ্বিতীয় ও ১৫ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে খেলবে দলদুটি। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ২টা ১৫ মিনিটে গড়াবে সিরিজের সবগুলো ম্যাচ। ডিজিটাল প্লাটফর্ম আইস্ক্রিন ম্যাচ সরাসরি দেখাবে এবং সরাসরি ধারাভাষ্য প্রচার করবে রেডিও ভূমি।
বাংলাদেশ দল প্রস্তুতি শুরু করবে শুক্রবার থেকে। মিরপুর শের-ই-বাংলায় সন্ধ্যা পৌনে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুশীলন করবে টিম টাইগার্স। তারপর দিন ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে মেহেদী হাসান মিরাজের দল। মিরপুরে শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে গড়াবে লড়াই। একদিন বিশ্রাম নিয়ে ৯ ও ১০ মার্চ দুপুর ১টা ৪৫ মিনিট থেকে ৩ ঘণ্টার অনুশীলন করবে বাংলাদেশ।
এর আগে আসন্ন সিরিজটির জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ। সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, জাকের আলি অনিক ও শামীম হোসেন পাটোয়ারী। লম্বা সময় পর দলে ফিরেছেন আফিফ হোসেন। এছাড়া চোটের কারণে নেই তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।
বাংলাদেশ দল: মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন কুমার দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।







