নতুন অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের নেতৃত্বে প্রথম সফরে অস্ট্রেলিয়ায় গেছে পাকিস্তান। তিন ম্যাচের সিরিজে প্রথম ওয়ানডেতে জেতার খুব কাছেও পৌঁছেছিল। মাঠে হয়েছে রোমাঞ্চকর নাটকীয়তা। দুইশ পুঁজির ম্যাচে শেষে হেসেছে অজিরা, ম্যাচজয়ী ইনিংস খেলেছেন অধিনায়ক প্যাট কামিন্স। ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মিচেল স্টার্ক।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক কামিন্স। ব্যাটে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান, অলআউট হয় ২০৩ রানে। জবাবে কামিন্সের শেষদিকের অপরাজিত ৩২ রানে ২ উইকেট ও ৯৯ বল হাতে রেখে জেতে অজিরা। সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিক দল।
দায়িত্ব পাওয়ার পর প্রথম ম্যাচে রিজওয়ানই পাকিস্তান ইনিংসে সর্বোচ্চ ৪৪ রান করেছেন। বাকিদের আসা-যাওয়ার মাঝে দ্বিতীয় সর্বোচ্চ পেসার নাসিম শাহর ৪০। বাবর আজম ৩৭ ও শাহিন আফ্রিদির ২৪ রানের ছোট ছোট ক্যামিওতে দুইশ ছোঁয় পাকিস্তান।
বাঁহাতি পেসার মিচেল স্টার্ক ৩টি, কামিন্স ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট নেন।
মাঝারি লক্ষ্যের পিছু ছুটতে নেমে পথটা সহজ হয়নি অজিদের। দুই ওপেনারের দ্রুত বিদায়ের পর হাল ধরেন স্টিভেন স্মিথ ও জশ ইংলিশ। ইংলিশ সর্বোচ্চ ৪৯ এবং স্মিথ দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন। ম্যাচের পাল্লা একসময় পাকিস্তানের দিকে ঝুলে গেলেও নিয়ন্ত্রণ পিরিয়ে নেন কামিন্স।
অন্যদের যাওয়া-আসার মাঝে ম্যাচের হাল ধরে রাখা কামিন্স আরেক পেসার শন অ্যাবোটের সঙ্গে ৩০ রানের জুটি গড়ে পথ কিছুটা এগিয়ে নেন। পরে স্টার্কের সঙ্গে অবিচ্ছিন্ন ১৯ রানের ছোট আরেকটি জুটিতে ২ উইকেট হারে রেখে ম্যাচ জিতে মাঠ ছাড়েন।
হারিস রউফ ৩টি এবং শাহিন আফ্রিদি ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন মোহাম্মদ হাসনাইন ও নাসিম শাহ।








