আবারও উত্তেজনা বেড়েছে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে। সীমান্তে রাতভর দু’দেশের তীব্র সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার রাতে পাকিস্তানকে লক্ষ্য করে আফগানিস্তান হামলা চালানোর পর ইসলামাবাদ পাল্টা হামলা চালায়। এতে উভয় পক্ষের একাধিক সদস্য নিহতের খবর পাওয়া গেছে।
বিবিসি জানিয়েছে, উভয় পক্ষই একে অপরকে প্রথমে হামলা করার অভিযোগ করেছে। পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা আফগান হামলার জবাবে কাবুল ও কান্দাহারসহ শহরগুলোতে পাল্টা হামলা চালিয়েছে।
তালেবানের সামরিক মুখপাত্র মাওলাভি ওয়াহিদুল্লাহ মোহাম্মদী বলেছেন, তাদের প্রতিশোধমূলক অভিযান বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে শুরু করা হয়েছে। গোষ্ঠীর প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আক্রমণে অসংখ্য পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে এবং অন্যদের আটক করা হয়েছে – তবে পাকিস্তানি কর্তৃপক্ষ এই দাবি অস্বীকার করেছে।
পাকিস্তানের একজন সরকারি কর্মকর্তা জানিয়েছেন,পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে প্রতিশোধমূলক অভিযানে আফগান তালেবান সরকারের ১৩৩ জন সদস্য নিহত হয়েছেন এবং আরও ২০০ জনেরও বেশি আহত হয়েছেন।
নিরাপত্তা সূত্রগুলো আরও জানিয়েছে, বৃহস্পতিবার সীমান্তে তালেবান সরকারের হামলা চালানোর পর পাক নিরাপত্তা বাহিনী অভিযান গাজাব-লিল-হক্ক শুরু করে। অভিযানে ২৭টি তালেবান পোস্ট ধ্বংস এবং নয়টি দখল করা হয়েছে।








