ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধের মাত্র চার দিনে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর অব্যাহত বোমা বর্ষণে এখন পর্যন্ত ১ হাজার ৯৭ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন।
যার মধ্যে ১৮১ জনই ১০ বছরের কম বয়সী শিশু। আহত হয়েছেন আরও কমপক্ষে ৫ হাজার ৪০২ জন। এই আহতদের মধ্যেও ১০০ জন শিশু আছে।
যুদ্ধবিধ্বস্ত ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে মঙ্গলবার এক বিবৃতিতে এই শিউরে ওঠা তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক ইরানি মানবাধিকার সংস্থা ‘হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি’ (হারানা)।
বিবৃতিতে বলা হয়েছে, ২৮ তারিখ থেকে ৩ মার্চ পর্যন্ত চার দিনে ইরানজুড়ে শত শত রাউন্ড বোমা ফেলেছে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনী। ইরানের সামরিক ঘাঁটি, হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্র এবং আবাসিক এলাকায় আঘাত হেনেছে এসব বোমা।
ইরানে নিহত এবং আহত সংক্রান্ত প্রচুর তথ্য আসছে উল্লেখ করে হারানা বলেছে, সেসব তথ্য যাচাইয়ের কাজ চলছে।







