ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানিয়েছে তার চিকিৎসায় গঠিত মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ড।
শনিবার (১৩ ডিসেম্বর) মেডিকেল বোর্ড জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর উন্নত চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য ওসমান হাদিকে এভারকেয়ার হাসপাতালের ক্রিটিকাল কেয়ার ইউনিটে (আইসিইউ) স্থানান্তর করা হয়।
বোর্ডের পর্যবেক্ষণে বলা হয়, রোগীর মস্তিষ্ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সার্জিক্যাল হস্তক্ষেপ সম্পন্ন হওয়ায় বর্তমানে তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখা হয়েছে এবং ব্রেন প্রোটেকশন প্রটোকল অনুযায়ী সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হচ্ছে। শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল হলে পুনরায় ব্রেনের সিটি স্ক্যান করা হতে পারে।
এ ছাড়া ফুসফুসে গুরুতর ইনজুরি রয়েছে। চেস্ট ড্রেইন টিউবের মাধ্যমে অল্প পরিমাণ রক্ত নির্গত হওয়ায় টিউবটি আপাতত চালু রাখা হয়েছে। সংক্রমণ ও এআরডিএস প্রতিরোধে ভেন্টিলেটর সাপোর্ট অব্যাহত থাকবে।
মেডিকেল বোর্ড জানায়, কিডনির কার্যক্ষমতা বর্তমানে ফিরে এসেছে এবং নির্ধারিত ফ্লুইড ব্যালেন্স বজায় রাখা হচ্ছে। আগে রক্ত জমাট বাঁধা ও রক্তক্ষরণের ভারসাম্যহীনতা দেখা দিলেও বর্তমানে তা অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে, তবে সার্বক্ষণিক মনিটরিং চলছে।
ব্রেন স্টেম ইনজুরির কারণে রোগীর রক্তচাপ ও হৃদস্পন্দনে ওঠানামা দেখা যাচ্ছে। রক্তচাপ নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সাপোর্ট চালু রয়েছে। হৃদস্পন্দন বিপজ্জনকভাবে কমে গেলে তাৎক্ষণিকভাবে টেম্পোরারি পেসমেকার স্থাপনের প্রস্তুতিও রাখা হয়েছে।
মেডিকেল বোর্ড ও চিকিৎসক দলে প্রাইমারি কনসালটেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. আলিউজ্জামান এবং আইসিইউ কনসালটেন্ট ডা. মো. জাফর ইকবাল। নিউরোসার্জারি, কার্ডিওলজি, নেফ্রোলজি, রেসপিরেটরি মেডিসিন, নিউরোমেডিসিনসহ বিভিন্ন বিভাগের সিনিয়র কনসালটেন্টদের সমন্বয়ে গঠিত বোর্ড রোগীর চিকিৎসা তদারকি করছে। সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন এভারকেয়ার হাসপাতাল ঢাকার ডিএমএস ডা. আরিফ মাহমুদ।








