স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, বর্তমান সংসদে বিরোধী দল ইতিবাচক ভূমিকা পালন করছে এবং গুরুত্বপূর্ণ বিল পাসে সহযোগিতা করছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত।
আজ (৭ এপ্রিল) মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বর্তমান সংসদের বৈশিষ্ট্য, সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগ এবং জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জাতীয় স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি উল্লেখ করেন, বর্তমান সংসদে বিরোধী দল ইতিবাচক ভূমিকা পালন করছে এবং গুরুত্বপূর্ণ বিল পাসে সহযোগিতা করছে, যা গণতান্ত্রিক চর্চার জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত।
সংসদে তিনি বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ সময়ের প্রতিনিধিত্ব করছেন। তিনি তিন ধরনের সরকারের শপথ পরিচালনা করেছেন। যার মধ্যে একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে গঠিত; একটি অন্তর্বর্তীকালীন সরকার এবং সর্বশেষ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত সরকার।
তিনি বর্তমান সংসদকে ‘অনন্য’ আখ্যা দিয়ে বলেন, এই সংসদে বিপুল সংখ্যক নতুন সদস্য নির্বাচিত হয়েছেন। এমনকি প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতাসহ অনেকেই প্রথমবারের মত সংসদে এসেছেন, যা গণতান্ত্রিক ধারার একটি নতুন অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।
সরকারের বিভিন্ন কর্মসূচির মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি ইতোমধ্যে দেশের নারী ও পরিবার পর্যায়ে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং এটি সামাজিক নিরাপত্তা জোরদার করবে। অন্যদিকে কৃষক কার্ড কৃষকদের জন্য একটি বড় সহায়তা হিসেবে কাজ করবে এবং কৃষিখাতে নতুন গতি আনবে।
তিনি জানান, এসব উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হবে এবং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি সরকারের কৃষিঋণ মওকুফ, বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন এবং কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগেরও প্রশংসা করেন।
তিনি বগুড়া জেলার উন্নয়ন বঞ্চনার বিষয়টি বিশেষভাবে তুলে ধরে বলেন, দীর্ঘদিন ধরে অবহেলিত এই জেলার বিমানবন্দর, সিরাজগঞ্জ-বগুড়া রেল সংযোগ ও বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা জরুরি। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর প্রতি এ বিষয়ে অগ্রাধিকার ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
প্রতিমন্ত্রী দেশের রাজনৈতিক আন্দোলনের ইতিহাস তুলে ধরে বলেন, মুক্তিযুদ্ধ, স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক গণআন্দোলন দেশের গণতন্ত্রকে শক্তিশালী করেছে। এসব আন্দোলনের অভিজ্ঞতা বর্তমান রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।







