ক্রিস্টোফার নোলানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘ওপেনহেইমার’। ‘পারমাণবিক বোমার জনক’ জে রবার্ট ওপেনহেইমারকে নিয়ে তৈরি হয়েছে এই ছবি। তবে এটি বায়োপিক নয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে তৈরি। ছবিটি মানুষের মনে গভীর দাগ কাটবে, এমনটাই মনে করছেন ছবির মূল চরিত্রের অভিনেতা সিলিয়ান মারফি।
বায়োগ্রাফিক্যাল থ্রিলার ঘরানার এই ছবিটি তৈরি করেছে ইউনিভার্সাল পিকচার্স। জুলাইতেই মুক্তি পাবে। ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে হইচই। প্রত্যাশা বেড়ে গেছে বহুগুণে। নজর কেড়েছেন সিলিয়ান মারফি। তাই আলোচনাতেও এখন তিনি। সম্প্রতি ‘গার্ডিয়ান’-এ দেয়া এক সাক্ষাৎকারে অভিনেতা কথা বলেছেন ‘ওপেনহেইমার’ প্রসঙ্গে।
অভিনেতা জানান, তিনি সাধারণত নিজের সিনেমা দেখেন না। তবে এই ছবির ক্ষেত্রে ব্যতিক্রম। এটি অসাধারণ এক কাজ।
ছবি প্রসঙ্গে সিলিয়ান মারফি বলেন, ‘কখনো বায়োপিক মনে হবে, কখনো থ্রিলার, কখনও হরর। এটি দর্শকের মাথা ঘুরিয়ে দেবে।’
এর আগে এক সাক্ষাতকারে নোলান জানিয়েছেন দর্শকের মনে গভীর প্রভাব ফেলেছে ‘ওপেনহেইমার’। তিনি বলেন, ‘এক আর্লি স্ক্রিনিং-এর পর কিছু দর্শক কান্নায় ভেঙ্গে পড়েছেন। তারা ভাষা হারিয়ে ফেলেছেন।’
‘ওপেনহেইমার’ পারমাণবিক বোমার বিপ্লবী সৃষ্টি এবং এর উৎক্ষেপণের পরের গল্প বলবে দর্শকদের। নির্মাতা জানিয়েছেন, সিনেমাটি ‘জিরো সিজিআই’। অর্থাৎ গ্রাফিক্স এড়িয়ে বাস্তবিক শুটের ওপর ফোকাস করা হয়েছে। ছবিটি মুক্তি পাবে ২১ জুলাই।
সূত্র: পিঙ্কভিলা








