রাজশাহীর পুঠিয়া উপজেলার পলাশী গ্রামে ডাকাতির প্রস্তুতি কালে গ্রামবাসীর হামলায় সন্দেহভাজন ডাকাত দলের একজন নিহত ও সাত জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের সাথে থাকা পিকাপ ভ্যানটি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
সোমবার (২মার্চ) রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, ভোর রাতে একটি ট্রাকে আট জন লোক ঘরের তালা কাটার যন্ত্র এবং দেশীয় অস্ত্রসহ গ্রামটিতে প্রবেশ করে। এসময় গ্রামবাসীর সন্দেহ হলে তাদের আটক করে।
বিক্ষুব্ধ জনতা তাদেরকে মারার সময় একজন গুরুতর আহত হয়ে পড়ে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে সন্দেহভাজন ডাকাত দলের একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকী ৭ জনকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ থানা থেকে ময়না তদন্তের জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের করা হবে বলে জানান পুলিশ সুপার।
এদিকে রাজশাহীর কর্ণহার থানার ধরমপুর এলাকায় নেপিয়ার ঘাসের ক্ষেত থেকে আদিব নামের ১১ বছরের শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শিশুটির পরিবার জানিয়েছে, সন্ধ্যায় তারাবির নামাজের পর থেকে আদিবকে খুঁজে পাচ্ছিলো না তারা। সকালে এলাকাবাসী ও স্বজনরা তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
কর্ণহার থানা পুলিশ আদিবের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশের ধারণা, শিশুটির প্যান্টের বেল্ট দিয়ে তার গলায় পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
কর্ণহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান জানান, পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।







