ফেনীর ছাগলনাইয়া উপজেলায় কৃষিজমির মাটি কাটা নিয়ে বিরোধের জেরে আবু আহমেদ (৩৭) ওরফে হোনা মিয়া নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
শনিবার (১৫ মার্চ) রাত প্রায় ২টার দিকে উপজেলার পাঠাননগর ইউনিয়নের কনট্রাক্টর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় জড়িত সন্দেহে ছাত্রদল কর্মীসহ সাতজনকে আটক করে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছেন। নিহত আবু আহমেদ পূর্ব পাঠাননগর গ্রামের আবুল কাসেমের ছেলে।
আহতরা হলেন একই গ্রামের জয়নাল আবেদিনের ছেলে আলাউদ্দিন সুজন (৩০) এবং নিহতের বড় ভাই নূরুল আলম কালা (৪০)। গুরুতর আহত সুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। নূরুল আলম কালা ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঠাননগর ইউনিয়নে একটি জমি থেকে মাটি কেটে পিকআপ ভ্যানে করে অন্যত্র বিক্রি করা হচ্ছিল। এ সময় কনট্রাক্টর মসজিদ এলাকায় টোকেনম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন আবু আহমেদ। রাতের দিকে কয়েকজন ব্যক্তি সেখানে এসে মাটি কাটায় বাধা দেন এবং দুটি পিকআপভ্যান আটকে দেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়।
একপর্যায়ে সংঘর্ষ বাধলে কয়েকজন মিলে আবু আহমেদকে মারধর করে। তাকে বাঁচাতে গেলে আলাউদ্দিন সুজন ও নূরুল আলম কালাও হামলার শিকার হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান এবং সন্দেহভাজন সাতজনকে আটক করে পুলিশে খবর দেন।
ফেনী সদর হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে নেওয়ার আগেই আবু আহমেদের মৃত্যু হয়। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সহায়তায় আটক সাতজনকে থানায় নেওয়া হয়েছে। মাটি কাটাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে ছাগলনাইয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কাজী জসিম উদ্দিন বলেন, অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত কেউ যুবদলের নয়। অপরাধ করলে তাকে আইনের মুখোমুখি হতে হবে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।








