নেত্রকোণায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আব্দুল কাইয়ুম (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এই সংঘর্ষে একাধিক নারীসহ আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন।
শনিবার ২৫ মে রাতে আব্দুল কাইয়ুমের মৃত্যু হয়। এর আগে এদিন সন্ধ্যায় জেলার কেন্দুয়া উপজেলার কান্দিউড়া ইউনিয়নের বিঞ্চপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন হাবিবুল্লাহ (৩৯), মাসুদ রানা (২৪), মামুন মিয়া (২৫), কামরুল হাসান (৩৫), মিনারুল ইসলাম (৩২), হিরন মিয়া (১৩), ইব্রাহিম মিয়া (৫৫) ও আজিজুর রহমানকে (৩৫) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিঞ্চপুর গ্রামের আব্দুল লতিফ ও মাহাবুর রহমান ঝান্টুর লোকজনের মাঝে দীর্ঘদিনের বিরোধ চলছে। শনিবার বিকেলে বাড়ির পাশের পতিত জমিতে ফুটবল খেলতে যায় মাহাবুর রহমান ঝান্টুর পক্ষের ছেলে শিশুরা। খেলার সময় বল আব্দুল লতিফের পক্ষের একজনের জমিতে চলে যায়। এই নিয়ে উভয় পক্ষের বড়দের মাঝে প্রথমে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি এবং সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষে আব্দুল কাইয়ুমসহ উভয়পক্ষের অন্তত ২৫ ব্যক্তি আহত হন। তাদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয় মানুষজন। পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আব্দুল কাইয়ুম মারা যান। তিনি মাহাবুর রহমান ঝান্টুর পক্ষের লোক বলে জানা যায়।
স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য সাজেদুল রহমান সাজু জানান, আধিপত্য বিস্তার নিয়ে বিঞ্চপুর গ্রামের আব্দুল লতিফ ও মাহাবুর রহমান ঝান্টু এই দুইপক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল। বিষয়টি নিয়ে বেশ কয়েকবার স্থানীয়ভাবে শালিস করে মীমাংসার চেষ্টা করা হয়। শনিবারের হতাহতের ঘটনা ওই দুইপক্ষের বিরোধের জের।
কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ এনামুল হক (পিপিএম) জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে বলেও জানান তিনি।








