খুলনা থেকে সাতক্ষীরায় অবৈধভাবে সরবরাহের উদ্দেশ্যে নেওয়া ৭ হাজার লিটার পেট্রোলসহ একটি তেলবাহী লরি আটক করেছে পুলিশ। রোববার ২৯ মার্চ রাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের গাবা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে একটি যমুনা ব্র্যান্ডের তেলবাহী লরি (ঢাকা মেট্রো-ঢ ৪৪-০৪৪৭) সাতক্ষীরার দেবহাটা উপজেলার বিভিন্ন দোকানে খোলা বাজারে বিক্রির জন্য পেট্রোল নিয়ে যাচ্ছিল। রাত সাড়ে ১০টার দিকে লরিটি গাবা এলাকায় পৌঁছালে স্থানীয় লোকজন সন্দেহজনকভাবে সেটি আটক করে।
খবর পেয়ে সাতক্ষীরা সদর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লরিটি জব্দ করে থানায় নিয়ে আসে। এ সময় তেলের কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পেট্রোলসহ লরিটি জব্দ করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।








