ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের জেরে বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা বেড়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে দীর্ঘস্থায়ী ব্যাঘাতের আশঙ্কায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলার ছাড়িয়েছে। যা করোনা মহামারির পর একদিনে সর্বোচ্চ।
আজ (৯ মার্চ) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, সকালে এশিয়ায় ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম প্রায় ২৪ শতাংশ বেড়ে ১১৪ দশমিক ৭৪ ডলারে দাঁড়িয়েছে, যেখানে নাইমেক্স লাইট সুইট ২৬ শতাংশের বেশি বেড়ে ১১৪ দশমিক ৭৮ ডলারে দাঁড়িয়েছে।
হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহে দীর্ঘমেয়াদি ব্যাঘাতের আশঙ্কায় এই তীব্র উত্থান ঘটেছে। প্রণালীটি বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল পরিবহন করে, কিন্তু যুদ্ধ শুরুর পর জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ইরানের তেল ডিপো ও অবকাঠামোতে নতুন হামলা পরিস্থিতিকে আরও জটিল করেছে।
এদিকে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় শেয়ারবাজারে ব্যাপক পতন দেখা গেছে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ৭ শতাংশের বেশি কমেছে। হংকংয়ের হ্যাংসেং সূচক নেমেছে ৩ শতাংশের বেশি। অস্ট্রেলিয়ার এএসএক্স ২০০ সূচক কমেছে ৪ শতাংশেরও বেশি। আতঙ্কে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করে দিচ্ছেন।

