ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)-র ৫৭টি সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রী ও উচ্চপদস্থ প্রতিনিধিদের জরুরি বৈঠক শুরু হয়েছে।
বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত ১০টায় সৌদি আরবের জেদ্দায় এই জরুরি বৈঠক শুরু হয়েছে।
ফিলিস্তিনের আহ্বানে ডাকা এই বৈঠকের মূল এজেন্ডা হলো ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ বসতি সম্প্রসারণ ও পশ্চিম তীরে ভূমি দখল নিয়ে মুসলিম দেশগুলোর সমন্বিত অবস্থান। বৈঠকে উপস্থিত আছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.খালিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পাকিস্তানের ডেপুটি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইছহাক দার, এবং আরও ২৫টির বেশি দেশের পররাষ্ট্রমন্ত্রী।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.খালিলুর রহমান চ্যানেল আইকে জানান, বৈঠকে ওয়েস্ট ব্যাঙ্কে নতুন সেটেলমেন্ট, ভূমি দখল ও ‘স্টেট প্রপার্টি’ নামে জমি বরাদ্দের চেষ্টা-এর বিরুদ্ধে সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে এবং বাংলাদেশ নিন্দা জানাবে। ওআইসি সূত্র বলছে, ইসরায়েলের এই পদক্ষেপ দুই-রাষ্ট্র সমাধানকে ধ্বংসের চেষ্টা হিসেবে ধরা হচ্ছে।
বিশ্বজুড়ে এখন নজর জেদ্দার দিকে, যেখানে আশা করা হচ্ছে বৈঠক থেকে একটি যৌথ ঘোষণা, জাতিসংঘে নতুন প্রস্তাব এবং অর্থনৈতিক চাপের পরিকল্পনা প্রকাশিত হতে পারে।








